‘খুনিরা মাটির নিচে থাকলেও খুঁজে বের করুন’
আওয়ামী লীগ নেতা মো. নাসিম বলেছেন, ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগ কর্মী হত্যায় জড়িতদের দুনিয়ার কোন শক্তিই বাঁচাতে পারবে না। হামলাকারী ও খুনিদের বিচার হবেই।
বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ির ভুজপুর কাজীর হাটে দলের এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
নাসিম বলেন, “প্রশসনের কেউ এতে জড়িত থাকলে তাদেরও বিচার হবে।”
তিনি ভুজপুর থানার ওসিকে খুনিরা মাটির নিচে থাকলেও সেখান থেকে তাদের খুঁজে বের করারও নির্দেশ দেন।
গত ১১ এপ্রিল দুপুরে ফটিছড়ির ভুজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায় স্থানীয় জামাত-শিবির ও হেফাজতের কর্মীরা।
হামলায় নিহত হয় আওয়ামী লীগের তিন কর্মী। আহত হয় দেড় শতাধিক, পুড়িয়ে দেওয়া দুই শতাধিক মোটর সাইকেল, কার ও মাইক্রোবাস।
স্থানীয় ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (যেখানে শিবির ক্যাডাররা পিটিয়ে তিনজনকে হত্যা করে) মাঠে অনুষ্ঠিত সমাবেশে নাসিম বলেন, “খালেদা জিয়া বলে থাকেন তত্ত্বাবধায়ক না হলে সারাদেশ ফটিকছড়ি হবে। ফটিকছড়ির ঘটনা এখন বিএনপির জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে।
“এই স্কুলে আওয়ামী লীগের তিন কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে তা সভ্য সমাজে কেউ করে না। যারা এসব করেছে তারা মানুষ নয়, পশুর চেয়েও অধম।”
বিরোধী দলকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন এই আওয়ামী লীগ নেতা।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, এটিএম পেয়ারুল ইসলাম, ফখরুল আনোয়ার, মুজিবুল হক প্রমুখ।
