২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিবিরের’ গুলিতে নিহত জামায়াতকর্মীর শিশুকন্যা

জামায়াত নেতা জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভের সময় চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিতে একটি শিশু নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

দুই বছর বয়সী ওই শিশুটির বাবা জামায়াতে ইসলামীর কর্মী বলে পুলিশ জানিয়েছে। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফরকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীরা সাতকানিয়ার কাঞ্চনা, এওচিয়াসহ কয়েকটি স্থানে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।

এর মধ্যে বিকাল ৪টার দিকে এওচিয়া আবাসন প্রকল্পের দিকে কিছু যুবকের ছোড়া গুলিতে সুখী (২) নামে ওই শিশুর নিহত হয়।

সুখীর বাবা ওই এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর জামায়াত সমর্থক বলে সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “কিছু যুবক মুখে গামছা বেঁধে এওচিয়া আবাসন এলাকায় বিক্ষোভ দেখায় এবং গুলি ছোড়ে। ছড়রা গুলির আঘাতে ওই শিশুর মৃত্যু হয়।”

ওসির ধারণা, গুলি চালানো ওই যুবকরা শিবিরের কর্মী।

এছাড়া সাতকানিয়ার কয়েকটি এলাকায় শিবিরকর্মীরা বিক্ষোভ করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি বলেও দাবি করেন ওসি।