আহতদের পাশে খালেদা
সাভারে ভবন ধসে ক্ষয়ক্ষতি দেখে এসেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, আহতদের সান্ত্বনাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভবনের ধ্বংসস্তূপে যান বিএনপি চেয়ারপারসন। একদিন আগেই ওই ভবনটি ধসে পড়ে, যাতে নিহত হয়েছেন কমপক্ষে আড়াইশ মানুষ।
সাভার বাসস্ট্যান্ডে ধসে পড়া ওই ভবনের সামনে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ছিলেন। তিনি উদ্ধার কার্যক্রম দেখেন এবং কয়েকজনের সঙ্গে কথা বলেন।
এরপর খালেদা জিয়া প্রায় দুই কিলোমিটার দূরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এই ভবন ধসে আহতদের অধিকাংশই ওই হাসপাতালে রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দুই পোশাক শ্রমিকের সামনে গিয়ে বাকহারা হয়ে পড়েন খালেদা জিয়া। ওই দুই নারীকেই পা কেটে ধ্বংসস্তূপ থেকে বের করতে হয়েছে।
বিএনপি চেয়ারপারসন দুই শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সহমর্মিতা জানান।
তিনি চিকিৎসকের কাছে ওই দুই নারী কর্মীর অবস্থা জানতে চান। তাকে জানানো হয়, দুজনের অবস্থাই গুরুতর।
এরপর খালেদা জিয়া আরো কয়েকজন রোগীর পাশে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন বিএনপি নেতা মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, কামাল ইবনে ইউসুফ, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, ওসমান ফারুক, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, জিয়াউর রহমান খান, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, নিলোফার ইয়াসমীন মনি, সুলতান সালাহ উদ্দিন টুকু, শ্যামা ওবায়েদ, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
সাভারে এই ভবন ধসের পর বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তাদের হরতাল প্রত্যাহার করে।
যুবলীগ নেতার ওই ভবনে পাঁচটি কারখানা ছিল। মঙ্গলবার ফাটল দেখার পর ভবনে কাজ বন্ধের জন্য শিল্প পুলিশ বললেও তা মানা হয়নি। শ্রমিকদের অভিযোগ, তাদের ঢুকতে বাধ্য করা হয়।
বিএনপি অভিযোগ করেছে, যুবলীগ নেতার প্রভাবে ওই ভবন অবৈধভাবে নির্মিত হয়েছিল, ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
