প্রথম যাত্রায় মালয়শিয়া গেলেন ৭০ শ্রমিক
মালয়শিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৭০ জন শ্রমিক, যারা সরকারিভাবে সবার আগে দেশটিতে কাজ করতে যাওয়ার সুযোগ পেলেন।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শ্রমিকদের নিয়ে মালয়শিয়ার উদ্দেশে যাত্রা করে।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরের উল্টো দিকে হাজি ক্যাম্পে মালয়শিয়ায় কর্মী পাঠানোর ফ্লাইট উদ্বোধন করে বলেন, "বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, বিশ্বের ইতিহাসে এটি একটি অবস্মরণীয় ঘটনা।"
“বিশ্বে আমরাই প্রথম সরকারিভাবে অল্প খরচে বিদেশে শ্রমিক প্রেরণ করতে পেরেছি”।
মালয়শিয়ায় শ্রমিক পাঠানোর লটারি (ফাইল ছবি)
মালয়শিয়ায় বাংলাদেশের প্রায় ৫ লাখ শ্রমিক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "আপনাদের (শ্রমিকদের) সহযোগিতা থাকলে মালয়শিয়ার বাজার আমাদের হাতে চলে আসবে।”
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "কয়েকজন অসাধু লোকের কারণে আপনাদের ১২শত লোক সমস্যায় পড়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সেবা দিলে সরকার আপনাদের সর্বাত্বক সহযোগিতা করবে।"
অনুষ্ঠানে মালয়শিয়ার হাইকমিশনার নরলিন বিনতে অথমান বলেন, “বাংলাদেশ স্বচ্ছ প্রক্রিয়া অব্যহত রাখলে জনশক্তি আমরা বাংলাদেশকে অগ্রধিকার দিব, বলেন তিনি।
জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহার জানান, ২৭ এপ্রিল ৭০ জন এবং ২৯ এপ্রিল ৫৮ জনকে নিয়ে আরো দুটি ফ্লাইট মালয়শিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে
শুরুতে ৪০ হাজার টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কথা থাকলেও বিমান ভাড়া কমে যাওয়ায় এখন ৩৩ হাজার ১৭৮ টাকায় মালয়শিয়ায় যেতে পারছেন শ্রমিকরা।
ফ্লাইট ছাড়ার আগে ধামরাইয়ের শ্যামল কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতকিছুর পরও আমি বিশ্বাস করতে পারি নাই, মাত্র ৩৩ হাজার ১৭৮ টাকায় মালয়েশিয়ায় যাব। অথচ আমি এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে প্লেনে উঠতাছি।”
মানিকগঞ্জের সিংড়াই থানার আরব আলী উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “ভাই মালয়েশিয়া যাচ্ছি, কাজ করে দেশে টাকা পাঠানোর জন্য, দোয়া কইরেন যেন ভাল থাকতে পারি।”
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত হন।
সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
এর আগে সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন নিবন্ধিত হওয়ার আবেদন করেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বিএমইটি পরিচালক নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
