গাজীপুরে ট্রেনের সঙ্গে সংঘর্ষে লেগুনাচালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে এক লেগুনার চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খাড়াজোড়া রেলক্রসিংয়ের গেইটম্যান মো. সাইদুর রহমান ও জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভোরে যাত্রীবাহী লেগুনাটি কালিয়াকৈর বাজার থেকে চন্দ্রা যাচ্ছিল।
রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আসার আগে রেলক্রসিংটি লোহার খাম্বা ফেলে আটকে দেয়া হয়। তারপরও পাশের ফাঁকা জায়গা দিয়ে লেগুনাটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করে এবং ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে লেগুনার সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলে মারা যান লেগুনার চালক।
এলাকাবাসীর সহায়তায় আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
