২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস তদন্তে আরো ৩ কমিটি

সাভারে ভবন ধসের কারণ অনুসন্ধানে আরো তিনটি তদন্ত কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকার জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বৃহস্পতিবার মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকারকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মনোজ কুমার রায়কে।

ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাণিজ্য সচিব মাহবুব আহমেদ জানান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-২ কে প্রধান করে চার সদস্যের আরেকটি কমিটি হয়েছে।

“ভবন ধসের কারণ অনসুসন্ধান এবং এ ধরনের ঘটনা এড়াতে সুপারশি চাওয়া হয়েছে কমিটির কাছে “

এর আগে দুর্ঘটনার দিন বুধবারই পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

শ্রম পরিচালক আবু সাইদ মো. খুরশীদকে প্রধান করে গঠিত ওই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার সকালে সাভারের রানা প্লাজা ধসে পড়লে অন্তত ১৭৫ জন নিহত হন। এক দিন পেরিয়ে গেলেও ভেতরে আটকা পড়ে আছেন অনেকে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বুধবার দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের  বলেন, ভবনটি অননুমোদিত ছিল।