সাভারে প্রাণহানির ঘটনায় গাজীপুরে বিক্ষোভ, ভাংচুর
সাভারে ভবন ধসে শ্রমিক হতাহতের প্রতিবাদে এবং দায়ীদের শাস্তি দাবিতে গাজীপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ী ও জয়দেবপুর চৌরাস্তা এলাকায় সড়কে নেমে আসে কয়েক হাজার শ্রমিক। সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা।
এতে টঙ্গী থেকে গাজীপুর-ময়মনসিংহ সড়কে এবং জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়া হয়। তারপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার, ভোগড়া এলাকার স্টার লাইট সোয়েটার, নেকসাস সোয়েটার, গরীব অ্যান্ড গরীব সোয়েটার ও মাইশা-মনিশা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়কে নেমে কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা।
এ সময় পরিবহন শ্রমিকরা একজন পোশাক শ্রমিককে ধরে নিয়ে গেছে এমন গুজবের পর তারা ব্যাপক গাড়ি ভাংচুর শুরু করে। জয়দেবপুর চৌরাস্তার কাছে পরিবহন শ্রমিকদের কার্যালয়ও ভাংচুর করে বিক্ষুব্ধরা।
সেখানে বাবলু এন্টারপ্রাইজ ও শ্যামলী বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বাবলু এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার মো. বাবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক জন শাটার ভেঙে তাদের কাউন্টারে ঢুকে প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।”
এ সময় ‘মোবাইল ডটকম’ ও ‘জি টেল’ নামের দুটি মোবাইলের শোরুম থেকে বেশ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল সেট লুট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের পাশে আড়ং দুধ কারখানার নিরাপত্তা প্রহরীদের কক্ষে হামলা চালায় বিক্ষুব্ধরা।
সেখানে কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং একটি মোটর সাইকেলে ও একটি ট্যাংক লরিতে আগুন ধরিয়ে দেয়া হয় বলে গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান।
