২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুডস হিলে’ অত্যাচারের বর্ণনা দিলেন সাক্ষী

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের দুই জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের সাক্ষ্য গ্রহণ করেন।

প্রসিকিউশনের ২৯তম সাক্ষী সুবল (৫১) তার জবানবন্দিতে বলেন, “১৯৭১ সালে চারদিকে গোলাগুলি হচ্ছিল। তখন আমার বাবা আমদেরকে বলেন, বাড়িতে থাকা নিরাপদ নয়। এ সময় আমরা বাবার সাথে বিনাজুড়ির দিকে চলে যাচ্ছিলাম।”

“কিছু দূর যাওয়ার পর গোলাগুলির শব্দ শুনতে পাই। বাবা বললেন, মনে হয় আমাদের বাড়ির দিকে গোলাগুলি হচ্ছে। তখন আমরা বাবা-মাসহ একটি ঝোপের আড়ালে আশ্রয় নেই। ঝোপের আড়ালে আমরা ঘণ্টাখানেক ছিলাম। আমার বাবা বললেন, আমাদের বাড়িতে কি হয়েছে দেখে আসা দরকার। তখন বাবার সঙ্গে আমরাও বাড়ির দিকে যাই।”

হাটহাজারী থানাধীন মধ্যগহিরা এলাকার বাসিন্দা সুবল বলেন, “বাড়িতেগিয়ে দেখি উঠানে চার জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে এবং দুইজন আহত অবস্থায় কাতরাচ্ছে। আহত দুই জনের নাম জয়ন্ত ও মাখনলাল। নিহত চারজনের নাম পঞ্চবালা, সুনীল, দুলাল ও জ্যোতিলাল।”

“লাশগুলো দেখার পর আমরা বাড়ি থেকে চলে যাই। দেশ স্বাধীন হওয়ার পরে বাড়ি ফিরে আসার পর শুনেছি কাজী ফরিদ ওই লাশগুলো আমাদের বাড়ির পুকুর পাড়ে মাটি চাপা দিয়েছে।”

এরপরে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক হেনার জেরার সময় তিনি জানান, আহত জয়ন্ত স্বাধীনতার পরে মারা যান। তবে আহত মাখনলাল কবে মারা যান তা তিনি জানেন না।

এরপর প্রসিকিউশনের ৩০ তম সাক্ষি মো. নাজিমউদ্দিন (৫৭) তার সাক্ষ্যে বলেন, একাত্তর সালে আমি অষ্টম শ্রেণির ছাত্র ছিলাম। ১৯৭০ সালে আমার ফুফু গুলবেগমের সাথে রাউজান থানাধীন কর্তার দীঘির পাড় পথের হাট গ্রামের হানিফের সাথে বিয়ে হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে ফুফুকে নিয়ে ফুফা আমাদের বাড়িতে চলে আসেন।

হাটহাজারী থানার মধ্যম মাদ্রাসার কাশেম ফকিরের বাড়ির বাসিন্দা নাজিমুদ্দিন বলেন, “মুন্সি ও ফয়েজ নামে আমার ফুফার দুইজন বন্ধু আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। একদিন আমার ফুফা ফুফুকে নিয়ে তার নিজের বাড়িতে চলে যান।”

তিনি বলেন, “একাত্তর সালে মে মাসের ২০ তারিখের দিকে আমরা খবর পাই যে, আমার ফুফাকে পাকিস্তান আর্মিরা ধরে নিয়ে গেছে। এই সংবাদ পাওয়ার পরের দিন আমি, আমার নানা আব্দুল কুদ্দুস, চাচা আব্দুল করিমসহ ফুফুকে আনতে কর্তার দীঘির পাড়ে ফুফার বাড়িতে যাই।”

“সেখানে যাওয়ার পর শুনলাম ফয়েজ আহমদ ও মুন্সি মিয়াসহ রাজাকার আর্মিরা এসে আমার ফুফাকে ধরে নিয়ে গেছে। আমি আরো শুনেছি ফুফাকে ধরে নিয়ে যাওয়ার সময় রাজাকার, আর্মিদের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও গাড়িতে ছিলেন।”

তিনি বলেন, “ফুফাকে উদ্ধারের জন্য তার পিতা সোনা মিয়া সওদাগর আন্ধার মানিকের নাজমা বেগমকে গুডস হিলে পাঠিয়েছিলেন। অনেক চেষ্টা করার পরেও সেই মহিলা আমার ফুফাকে উদ্ধার করতে পারেন নাই। তিনি গুডস হিলে ফুফার উপর অত্যাচার হতে দেখেছেন। আমার ফুফা আর কোনো দিন ফেরত আসেনি।”

জবানবন্দি শেষে বৃহস্পতিবার সকাল পর‌্যন্ত ট্রাইব্যুনালের কার‌্যক্রম মুলতবি ঘোষণা করেন চেয়ারম্যান এটিএম ফজলে কবির।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গত ১৪ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে প্রসিকিউশনের সাক্ষী হিসেবে ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাদের জেরা করেছে।

গত ৪ এপ্রিল সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ২৩টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।