২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা  দিল জনতা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক  দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিক্ষুব্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে কমপ্লেক্সে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 04:53 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বুধবার রাত ৯ টার দিকে ঘরের মাচা  থেকে পরে গিয়ে মেয়ই থুই মারমা(২৫) নামে এক রোগী রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা নিতে গেলে দেখা যায় চিকিৎসক নেই। এতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন রোগীর স্বজনরা। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

রোয়াংছড়ি সদর ইউপির সাবেক চেয়ারম্যান অংশৈমং বলেন, “রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডা. আতিকুর রহমানকে এলাকার লোকজন কেউ চেনে না। কর্মস্থলে থাকেন না তিনি। চিকিৎসা সেবা না পেয়ে রাত ৯টার দিকে বিক্ষুদ্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দিয়েছে।”

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, চিকিৎসক অনুপস্থিত। তার কক্ষে তালা লাগানো থাকলেও আপাতত সমস্যা নাই। বৃহস্পতিবার সকালে চিকিৎসক কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মংতে ঝ জানান, ডা. আতিকুর রহমানকে জরুরি ভিত্তিতে কর্মস্থলে উপস্থিত হতে বলা হয়েছে।