সাভারের ঘটনায় দোষীদের শাস্তি দাবি নাসিমের
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, “এই বহুতল ভবন ধসে বহু লোক মারা গেছেন বলে শুনেছি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করি, ঘটনার নিন্দা জানাই। যারা এই ঘটনায় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।”
বারবার এ ধরনের ঘটলেও এ বিষয়ে মালিকদের উদাসীনতা রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
১৪ দলের পক্ষ থেকে এ মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
বুধবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ভবনটি ধসে পড়ে।
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া ও স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, ওয়ার্কার্স পর্টির সাধারণ সম্পাদক আুনসুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২৭ তারিখের নারী সমাবেশকে সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে প্রগতিশীল নারীদের এ সমাবেশকে আমরা পূর্ণভাবে সমর্থন করি। সব ধরনের নারী সংগঠনকে এ সমাবেশে উপস্থিত থাকতে অনুরোধ জানাই।”
আগামী বৃহস্পতিবার ১৪ দলের উদ্যোগে ফটিকছড়িতে একটি প্রতিবাদ সমাবেশ হবে।
এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২ মে ঢাকা মহানগর উত্তর, ৩ মে ঢাকা মহানগর দক্ষিন ও ৪ মে মতিঝিল শাপলা চত্তরে কেন্দ্রীয় ১৪ দল সমাবেশ করবে।
