রাবির গ্রীষ্মকালীন ছুটি শুরু ২৮ এপ্রিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি একাডেমিক ক্যালেন্ডারের নির্ধারিত ছুটির দু’দিন আগেই ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তা চলবে ৩১ মে পর্যন্ত।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেটের সভা বসে। ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্দান্ত হয় যে, আগামী ২৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ চলবে। ওই সময় কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পরিপ্রেক্ষিত্রে এবার ১৬ টি আবাসিক হলই ২৮ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আবাসিক হলসমূহ এর আগেও খোলা হতে পারে।
তবে গ্রীষ্মকালীন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে তিনি জানান।
এদিকে গ্রীষ্মকালীন ছুটির সময় আবাসিক হল বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শিক্ষার্থী হুমায়ূন কবির সুমন বলেন, হরতালের কারণে গত চার মাসে মাত্র ৩০ দিন ক্লাস হয়েছে। অথচ এতো দীর্ঘ ছুটি দেয়া হলো। ছুটি কিছুটা কমালে ভাল হতো।
ছুটির পরই বিসিএস পরীক্ষা আছে উল্লেখ করে আরেক শিক্ষার্থী মল্লিকা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছে করলে আবাসিক হলগুলো বন্ধ নাও করতে পারতো। আমরা ছুটির সময় কিছু পড়াশুনার সুযোগ পেতাম।”
একাডেমিক ক্যালেণ্ডার অনুযায়ী, ১ মে থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল।
