২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রাণহানিতে ঢাবিতে ধর্মঘট স্থগিত

সাভারে ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করেছেন ব্লগারদের মুক্তি দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাভারের বহুতল ভবন ধসে শত মানুষের প্রাণহানির ঘটনায় অমরা গভীর শোক প্রকাশ করছি। জাতির এই দুর্যোগময় মুহূর্তে অতীতের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী হিসেবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই আগামীকালের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করার সিন্ধান্ত গ্রহণ করেছি।

ভবন ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান ছাত্র-শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তবুদ্ধি চর্চা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তমনা অনলাইন লেখকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

এই অনলাইন লেখকদের মুক্তির দাবিতে আন্দোলন চলমান থাকবে জানিয়ে তারা বলেন, আন্দোলনের পরবর্তী কর্মসূচি পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

হেফাজতে ইসলামের দাবির মুখে ইন্টারনেটে `ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে এ মাসের শুরুর দিকে আসিফ মহীউদ্দিন, সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এই চার ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তাদের মুক্তি দাবিতে কর্মসূচি পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেন তারা।

পুরনো খবর:

ব্লগারদের মুক্তি দাবিতে ঢাবিতে ধর্মঘটের ডাক