প্রাথমিক স্তরকে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণে কমিটি
জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক স্তরকে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণে কর্মপরিকল্পনা প্রণয়নে একটি কমিটি হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আকতার হোসেনের নেতৃত্বে বুধবার এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন ও মনিটরিং কেন্দ্রীয় কমিটির সভায় কমিটি গঠন করা হয়।
ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাইলটিংভিত্তিতে দেশের ৪৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করেছে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রাথমিক স্তর অষ্টম শ্রেণি এবং মাধ্যমিক স্তরকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হবে। ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এই শিক্ষানীতি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আকতার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এ গোলাম ফারুক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
