২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা

বরিশালে হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার মহানগরীর আলেকান্দা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সাত্তার ভুঁইয়া ও কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আশুতোষ সরকার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দুইটি করেন।

আব্দুস সাত্তার ভুঁইয়ার মামলায় মহানগর শিবির সভাপতিসহ চারজনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

আশুতোষ সরকারের মামলায় ছাত্রদল জেলা, মহানগর ও বিএম কলেজ শাখার নেতাসহ অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে রাস্তা অবরোধ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন নগরীর করিম কুটির ও সিএ্যান্ডবি রোড ঘোষবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবির ও ছাত্রদল নেতাকর্মীরা।

এছাড়া নগরীতে হরতালের সমর্থনে শিবির নগরীর বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাংচুর করে।

এদিকে মহানগর শিবির সভাপতি আব্দুল্লাহ নাহিয়ান বলেন, তারা নগরীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। এছাড়া দুইটি অটোরিকশা ও  তিনটি ট্রাক ভাংচুর করেছেন।