২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে একজনের ফাঁসি কার্যকর

নিজের স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্ত্যুদণ্ড কার্যকর করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার মধ্যরাতে ফাঁসিতে মো. ছালেহ নূরের (৪৮) মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানান কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুর রাজ্জাক।

ছালেহ নূর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার চন্দ্রঘোনা ফকিরপাড়া গ্রামের মৌলভী সাইদুর রহমানের ছেলে।

রায় কর্যকরের সময় গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেবাস্টিন রেমা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

লাশ গ্রহণে স্বজনদের অস্বীকৃতির কারণে বুধবার সকালে আঞ্জুমান মফিদুল ইসলমের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশনের গোরস্থানে ছালেহ নূরকে দাফন করা হয় বলে জানান এই কারা কর্মকর্তা।

মামলার বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে ছালেহ নূর ২০০২ সালের ৫ মার্চ স্ত্রী রেণু আক্তার এবং তিনমাস বয়সী সন্তান আমাতুননূরকে গলায় কাপড় বেঁধে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় রেণু আক্তারের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

২০০৫ সালের ২১ জুন চট্টগ্রামের একটি আদালত ছালেহ নূরকে মৃত্যুদণ্ড দেয়।

২০০৯ সালের ২ অক্টোবর উচ্চ আদালত এবং ২০১২ সালের ৯ জুলাই আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। সর্বশেষ গত ২৭ মার্চ রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদনও নাকচ করেন।

ছালেহ নূরের বড় ভাই মোহম্মদ হোসেন বলেন, জঘন্য কাজের জন্য ছালেহ নূরের প্রতি আত্মীয়-স্বজনদের যে ঘৃণা জমেছে, তাতে তার লাশ বাড়ি নেয়ার মতো অবস্থা নেই।

পরে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ গাজীপুরেই দাফনের অনুরোধ জানান তারা, বলেন মোহাম্মদ হোসেন।

দাফনে উপস্থিত ছিলেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. আক্তারুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আবুল বাশার, কারারক্ষী মোস্তাফিজুর রহমান প্রমুখ।