ফেনীতে অস্ত্র মামলায় যুবদলনেতা দণ্ডিত
অস্ত্র মামলায় এক যুবদল নেতাকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।
জেলা যুগ্ন জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এএনএম মোর্শেদ খান বুধবার এ আদেশ দেন।
দণ্ডিত মোহাম্মদ হারিস (৩৫) শহরের আড্ডাবাড়ি এলাকার শফি উল্লাহর ছেলে।
তিনি জেলা যুবদলের সদস্য বলে সভাপতি গাজী হাবিবুল্লাহ মানক জানান।
এর আগে গত ১০ এপ্রিল হারিসকে আরেকটি অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড দিয়েছিল জেলার বিশেষ ট্রাইব্যুনাল-৩।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন রাতে জেলা শহর থেকে হারিসকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
ওই রাতেই ফেনী শহর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আবদুস সাত্তার খান অস্ত্র আইনে থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানিতে ১৫ জন স্বাক্ষীর মধ্যে ৯ জন স্বাক্ষী স্বাক্ষ্য দেয়।
অস্ত্র আইনের দুটি ধারায় ১০ ও ৭ বছর করে তার সাজা হয়। দুটি সাজা পৃথকভাবে ভোগ করতে হবে বলে তাকে মোট ১৭ বছর কারাভোগ করতে হবে।
