২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হরতালে সংঘর্ষে কিশোর নিহত

১৮ দলের হরতালে চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

নিহত আজগর আলী লিমন (১৪) শহরের উপর-রাজারামপুর মহল্লার লোকমান হোসেনের ছেলে। সে হামিদউল্লাহ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।

লিমন শিবিরকর্মী বলে দাবি করেছেন সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি শফিক এনায়েত উল্লাহ।

বুধবার সকালে শহরের উপর-রাজারামপুর মহল্লার কাছে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

গুলিবিদ্ধ লিমনকে প্রথমে স্থানীয় সেবা ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ডা. শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিমনের গলায় গুলি লেগেছিল।”

লিমনের লাশ তার সঙ্গে থাকা লোকজন জোর করে নিয়ে যায় বলে জানান তিনি। দুপুরে শহরের উপর-রাজারামপুর মহল্লার বাড়িতে লিমনের লাশ পৌঁছলে সেখানে কান্নার রোল পড়ে।

আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে  মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে ১৮ দল। এই জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবির।  

হরতালে সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে অবস্থান নেয় শিবিরের কর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হাসান বেগ বলেন, “এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ইটের আঘাতে আমি এবং আরো দুই পুলিশ সদস্য আহত হই। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে।”

শিবির নেতা শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের গুলিতে আমাদের কর্মী লিমন নিহত হন। আহত হয়েছেন আরো ১৭ জন “

এর আগে সকাল সোয়া ৭টার দিকে ওই এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক সাঈদ ইকবাল জানান, ওই সময় শিবিরকর্মীদের ছোড়া হাতবোমায় র‌্যাবের এএসপি মোহাম্মদ আসলাম ও এএসআই মোশারফ আহত হন।

তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।