জনতাকে নিয়ন্ত্রণে রাবার বুলেট, গোয়েন্দা আহত
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসের পর ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এত আহত এক গোয়েন্দা কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদুল হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনের পেছন দিকে উদ্ধার কাজ চলার সময় নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা ভীড় জমায়।
“বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনের চাপও বাড়তে থাকে। এতে উদ্ধার কাজে সমস্যা হচ্ছিল। এক পর্যায়ে তাদের সরে যেতে বললে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।”
এ সময় শহীদুলের মাথার রাবার বুলেট লাগে। এতে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
শহীদুলের মাথার কিছু অংশ থেকে চুল ও চামড়া সরে গেছে। চিকিৎসকরা তাকে ব্যান্ডেজ করে দিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নয় তলা ভবনটি ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়। ওই ভবনে চারটি তৈরি পোশাক কারখানা ছিল, যেখানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করত।
মঙ্গলবার বিকালেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিলেও সকালে কারাখানাগুলোতে কাজ চলছিল বলে পুলিশ জানিয়েছে।
