২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরিরবন্দরে আ’লীগ নেতার উপর ‘শিবিরের’ হামলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ‘ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের’ হামলায় এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার ভোরে এ ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারভেজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ফজরের নামাজ পড়তে রানীরবন্দরের বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় জামায়াত-শিবিরের ১০/১২ জন কর্মী ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়।

তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান পারভেজ।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৩৬ ঘণ্টার হরতালের নাশকতার আশঙ্কায় গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার রাতভর চিরিরবন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন মহিলা কর্মীসহ জামায়াত-শিবিরের ১১ জনকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের উপর হামলা, সরকারি  কাজে বাধাসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দ্রুত বিচার আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা মামলা রয়েছে।