২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদ রাষ্ট্রপতি ‘একক’ আগ্রহে: বিএনপি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল হামিদ দেশের বিশতম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে বিএনপি বলছে, এ বাপারে বিরোধী দল, এমনকি মহাজোটের শরিক দলের সঙ্গেও কোনো আলোচনা করেনি আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:58 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

তবে এখনই নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো বা তার বিরোধিতা করছে না প্রধান বিরোধী দল। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হবে বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জানান।

বঙ্গভবনে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের কোনো আমন্ত্রণপত্র বিএনপির কাছে পৌঁছায়নি জানিয়ে তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে’ শপথ অনুষ্ঠানে বিএনপির যোগ দান ‘অনেকটা অনিশ্চিত’।

সকালে  নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দুদু বলেন, “সরকারের একগুয়েমিতে এক দল ও এক নেতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। কারো সঙ্গে কোনো আলোচনা তারা করেনি। এমনকি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সঙ্গেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকার আলোচনা করেনি।”

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সমর্থন কিংবা বিরোধিতা কোনোটিই এই মুহূর্তে করছি না। দলীয় ফোরামে আলোচনার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানো হবে।”

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা গেলে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন আবদুল হামিদ। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নির্বাচন কমিশন সোমবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল পরিস্থিতি তুলে ধরে শামসুজ্জামান দুদু সংবাদ ব্রিফিংয়ে বলেন, ঢাকা, টঙ্গী, নারায়াণগঞ্জ, খুলনা, রাজশাহী প্রভৃতি স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন তাদের এই হরতাল কর্মসূচিতে ‘হামলা’ চালিয়েছে।

অনেক নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি ও ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারও করা হচ্ছে।”

“এই হরতালের মাধ্যমে দেশের মানুষ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তাদের মেয়াদ শেষ পর্যায়ে”, বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।

নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নাম পছন্দ না হলে ‘দল নিরপেক্ষ সরকার’ নামে তা প্রতিষ্ঠা করুন। নির্বাচনকালীন সময়ে ওই ধরনের সরকারই প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।”

সংবাদ ব্রিফিংয়ে দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। কর্মীদের কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

হরতালেও নয়া পল্টনে সড়কে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। তবে ওই এলাকায় দোকান-পাট বন্ধ রয়েছে।