২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার শোক, সাভারে হরতাল শিথিল

বহুতল ভবন ধসে পড়ায় সাভারে হরতাল শিথিল করে নেতাকর্মীদের উদ্ধার অভিযানে অংশ নিতে বলেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:53 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বলেন, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।

“চেয়ারপার্সনের সিদ্ধান্তে এই দুঃখজনক ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য আমরা সাভারে হরতাল শিথিল করছি। দলের সব স্তরের নেতা-কর্মীদের উদ্ধার অভিযানে অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।”

দুর্ঘটনা কবলিত ভবনে সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালানোরও দাবি জানান তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। সেখান থেকে এ পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে শতাধিক মানুষকে।

ধ্বংসস্তূপের ভেতরে আরো অনেকে আটকা পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।