২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে উঠলো নদী কমিশন বিল

নদীর অবৈধ দখল, দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধে কমিশন গঠনের লক্ষ্যে আইন প্রণয়ণে জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার জাতীয সংসদে ‘জাতীয় নদী রক্ষা কমিশন বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন নৌ-মন্ত্রী শাজাহান খান।

বিলটি দুই মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত আইনে, জনপ্রশাসন, আইন, মানবাধিকার, নদী ব্যবস্থাপনা, নদী প্রকৌশল, নদী জরিপ বা পরিবেশ সম্পর্তি কাজে উল্লেখযোগ্য অবদান আছে এমন ব্যক্তিদের মধ্য থেকে নদী কমিশনের চেয়ারম্যান ও সদস্য রাখার বিধান রাখা হয়েছে।

বিলে চেয়ারম্যান ও অন্যূন একজন মহিলা সদস্যসহ অনধিক পাঁচ সদস্য সমন্বয়ে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করার প্রস্তাব করা হয়েছে। আর চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করবে সরকার।

তবে পাঁচজন সদস্যের মধ্যে দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন করে নদী বা পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, নদী প্রকৌশলী, মানবাধিকার কর্মী বা আইনজ্ঞ রাখার শর্ত রাখা হয়েছে প্রস্তাবিত বিলে।

কমিশনের কাজ সুপারিশমূলক হবে বলেও বিলে উল্লেখ করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক বর্জ্য পদার্থ দ্বারা নদী দূষণ, তীরভূমিতে অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য নৌপথ গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এসব কাজের প্রয়োজনে একটি কমিশন গঠন করা আবশ্যক বলেও উল্লেখ করা হয়েছে।

‘জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হলে এর মাধ্যমে দেশের নদ-নদীগুলো অবৈধ দখলমুক্ত এবং নদীর দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং নদীগুলোতে প্রাণের সঞ্চার হবে।’