অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি
সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির আওতাধীন সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য সেসব এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে।
তিনি জানান, সীমান্তের শূন্যরেখা থেকে আট কিলোমিটারের মধ্যে বিজিবির নিয়মিত অভিযান ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এই এলাকার বাইরেও প্রয়োজনে টাস্কফোর্সের মাধ্যমে যৌথ টহল অভিযান পরিচালনা করা হয়ে থাকে।
এ প্রেক্ষিতে সীমান্তে ২৩টি বিওপিকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সালমা ইসলামের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে সীমান্তে বিওপিগুলোর মধ্যবর্তী স্থানে এ পর্যন্ত ১২৪টি অর্ডার সেন্ট্রি পোস্ট তৈরি করা হয়েছে।”
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত ও অনানুষ্ঠানিক সোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া দেশে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে উপকূলীয় এলাকাতেও কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল দিচ্ছে বলে জানান তিনি।
সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজার প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাধারণভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো প্রকার সীমান্ত উত্তেজনা নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।”
তবে সীমান্ত এলাকায় রাতে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানিদের অন্তঃকলহ, সীমান্তরক্ষীদের ওপর দুদেশের চোরাচালানিদের সংঘবদ্ধ আক্রমণের কারণে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হয়ে থাকে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
