২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মুক্তিযোদ্ধার কবর ভাঙার ঘটনায় মামলা

গাজীপুর সদরে শহীদ মুক্তিযোদ্ধার কবর ভেঙে সড়ক নির্মাণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার রাতে শহীদ কানু মিয়ার নাতি মো. শাহ আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় ছয় জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন- গাজীপুর সদর উপজেলার টান কড্ডা কাঠালিয়াপাড়া এলাকার অবদুল মান্নান, তার ছেলে আবুল হোসেন, বাবুল হোসেন ও বেলাল হোসেন, অবদুল বারেক মিয়া ও তার ছেলে শরিফুল হোসেন।

এদিকে মামলার পর থেকে আসামীরা ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। মঙ্গলবার সকালে প্রশাসন কবরের ভাঙা অংশের মেরামত কাজ শুরু করেছে।

সদর উপজেলার কড্ডার কাঠালিয়াপাড়ার বাসিন্দা কানু মিয়া মুক্তিযুদ্ধের সময় ১৯ মার্চ পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। তার স্মরণে এলাকায় নির্মাণ করা হয় শহীদ বীর কানু মিয়া সড়ক। এ সড়কের শেষপ্রান্তে রয়েছে কানু মিয়ার কবর।

কানু মিয়ার বড় ছেলে আব্দুল লতিফের অভিযোগ, এলাকার চিহ্নিত এক রাজাকার ও তার সহযোগীরা কানু মিয়ার কবর ভেঙে একটি পরিবারের জন্য সড়ক নির্মাণ করতে চায়।

গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান জানান, ওই এলাকাবার কিছু প্রভাবশালী ব্যক্তি গত রোববার মধ্যরাতে শহীদ মুক্তিযোদ্ধা কানু মিয়ার কবর ভেঙে একটি রাস্তা নির্মাণের চেষ্টা করে। পরদিন সোমবার কবর ভাঙার খবর পেয়ে গাজীপুর জেলা প্রশাসন ও সদর উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ওই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভেরও সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে প্রশাসন কবরটির ভাঙা অংশের মেরামত কাজ শুরু করেছে। কবরটি সংরক্ষণেরও উদ্যোগ নেয়া হবে।     

কানু মিয়ার নাতি মো. শাহ আলম জানান, কবরস্থানের জন্য ওই স্থানে এক শতাংশ জমি বরাদ্দ দেয়া হয়েছিল। সেই জমিও দখলদারদের কাছ থেকে উদ্ধার করে কবরস্থান তৈরির দাবি জানান তিনি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন, শহীদ মুক্তিযোদ্ধার কবর ভেঙে সড়ক নির্মাণের চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর সোমবার রাতে কয়েক দফা আসামীদের বাড়িতে অভিযান চলানো হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

ওই কবর ভাঙার প্রতিবাদে এলাকাবাসী সোমবার মানববন্ধনও করে।