২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পাসপোর্ট ছিনতাইকারী আটক

রাজধানীর মতিঝিল থেকে পাসপোর্ট ছিনতাইকারীর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার রাতে মতিঝিলের ফকিরাপুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আটকরা হলেন, মো. সাইফুল (৩০), মো. সোহেল হোসেন (২৭),আবদুর রহিম (২৪), আবদুল্লাহ আল কাইয়ুম (৩৩) ও মো. শাহজাহান (৩২)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সাব্বির আহমেদ সিদ্দিকী বলেন, গত শুক্রবার বিকালে সোনারগাঁও হোটেলের কাছে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছে থেকে ছিনতাইকারীরা একটি পাসপোর্ট, সৌদিগামী বিমানের টিকিট ও একটি মোবাইল ফোনসেট ও কিছু টাকা ছিনিয়ে নেয়।

তার অভিযোগে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে আটক করা হয়।

তাদের কাছে আরো পাঁচটি ভিসা সম্বলিত পাসপোর্ট পাওয়া গেছে জানিয়ে সাব্বির আহমেদ সিদ্দিকী বলেন, ভিসাযুক্ত পাসপোর্ট ছিনতাই করে চক্রটি পরে ওই পাসপোর্টধারীর কাছে ফোন করে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়া হলে পাসপোর্টের ছবি পরিবর্তন করে ভিসাসম্বলিত পাসটি অন্যত্র বিক্রি করে অন্য লোককে বিদেশ পাঠিয়ে দেয়া হয়।