পলিব্যাগ খুলতেই বিস্ফোরণ, মা ও মেয়ে আহত
বাড়ির নিচে পড়ে থাকা পলিথিনের ব্যাগ খুলতে গিয়ে বিস্ফোরণে মা ও মেয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জুরাইন এলাকার হাজী খোরশেদ আলী সরদার রোডের একটি দু্ইতলা বাড়ির নিচে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মর্জিনা বেগম (৪২) এবং তার মেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রোকেয়া হাসান রুপালী (১৯)।
আহতরা জানান, দুপুর ২ টায় বাড়ির নিচতলায় পানির মোটর চালাতে নামলে মর্জিনা বেগম একটি পলিব্যাগ পড়ে থাকতে দেখেন। পলিব্যাগটি খুলে দেখতে গেলে বিস্ফোরণ ঘটে।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “বিস্ফোরণের কারণে রুপালীর কানে এবং মর্জিনার বাম পায়ে জখম হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।”
