২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ৪ আনসার হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির চার আনসার সদস্য হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার রাতে বামিহাল থেকে রেজাউল করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একদল চরমপন্থি বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে হত্যা করে এবং ১১টি আগ্নেয়াস্ত্র লুট করে।

এ ঘটনায় করা মামলার প্রধান আসামি উপজেলার দক্ষিণ সুখগাড়ী গ্রামের চাঁদ মিয়ার ছেলে রেজাউল করিম গত আট বছর ধরে পলাতক ছিলেন।

সোমবার সন্ধ্যায় ছদ্মবেশে তিনি বাড়ি যান বলে পুলিশ জানতে পারে। রাতে বাড়ি থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, “গ্রেপ্তার রেজাউল আমাদের কাছে মোস্ট ওয়ানটেড ছিল।”