২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে বিক্ষিপ্ত বোমাবাজি

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 02:22 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় শিবির কর্মীদের মিছিল থেকে পর পর অন্তত ১০টি ককটেল ফাটানো হয়।

শ্যামপুর থানার ওসি আবদুল রশিদ বলেন, হরতালকারীরা অলিগলিতে বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করছে।

কাছাকাছি সময়ে মিরপুর বাংলা কলেজ ও আনসার ক্যাম্পের কাছে ছাত্রদলের মিছিল থেকে ৪/৫টি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানায়।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিকেটাররা অলিগলিতেই এসব ঘটনা ঘটানোর চেষ্টা করছে। প্রধান সড়কগুলো স্বাভাবিক আছে।”

এর আগে সকাল ৬টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় শিবির কর্মীদের মিছিল থেকে ককটেল ফাটানো হলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

বংশাল থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, বেলা সোয়া ১১টার দিকে চিত্রামহল সিনেমা হলের সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সকাল সাড়ে ৬টার দিকে হাতিরঝিলে স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল বের করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।

এছাড়া তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় যুবদল এবং লালবাগের আমতলায় ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

গোপীবাগে বিএনপির মিছিল থেকে এক নারী কর্মীকে আটক করা হয় বলে জানান ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা।

তবে হরতালের সকালে রাজধানীর কোথাও বড় কোনো গোলোযেগের খবর পাওয়া যায়নি। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যাব সদস্যরা সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন।

অন্যান্য হরতালের মতো মঙ্গলবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণ পরিবহন চলতে দেখা গেছে বিভিন্ন এলাকায়।

সকালের অংশে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হরতালের কারণে মঙ্গল ও বুধবারের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। এই দুই দিনের নির্ধারিত পরীক্ষাগুলো হবে আগামী ১১ ও ১০ মে। 

গত কয়েকটি হরতালের মতো এদিনও নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকা নেতাকর্মীশূন্য। তবে  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান চৌধুরী দুদু কার্যলয়ের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।

আর বিএনপি কার্যালয়ের বাইরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও রয়েছেন।

পুলিশের উপ কমিশনার মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, কেউ ফৌজদারী আইন লঙ্ঘনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুয়াযী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার একটি আদালত গত রোববার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার জামিন আবেদন নাকচ করার পরপরই হরতালের এই ঘোষণা আসে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমাদের শীর্ষ নেতারা এখনো কারাগারে। অনেকে কর্মী কারাগারে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মূল দাবি এখনো পুরণ হয়নি। এজন্য ২৩ এপ্রিল ভোর ৬টা থেকে ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল আহবান করছি।’’

জোটের অন্য দাবিগুলো হচ্ছে- আটক নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহাল ও সরকারের পদত্যাগ।

এই হরতালের সময়সীমা আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান চৌধুরী দুদু।

গত ১১ মার্চ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিরোধী দলের ১৫১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মির্জা ফখরুল, মওদুদ আহমদসহ আরো কয়েকজন নেতাকে কারাগারে পাঠানো হয়।  

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে ১৮ ও ১৯ মার্চ, ২৭ ও ২৮ মার্চ এবং ৯ ও ১০ এপ্রিল ৩৬ ঘণ্টা করে তিন দফা হরতাল করে ১৮ দলীয় জোট। 

পুরনো খবর:

হরতাল শুরুর আগেই শুরু গাড়িতে আগুন