হরতাল শুরুর আগেই শুরু গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন রাজধানীতে অন্তত আটটি গাড়ি পোড়ানো হয়েছে।
হরতালের আগে সোমবার এই পোড়ানোর ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও।
সরকারি দল দায়ী করলেও বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে, সরকারি ‘লোকজনই’ গাড়িতে আগুন দিয়ে উল্টো বিরোধী নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
আটক শীর্ষনেতাদের মুক্তি এবং নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার ও বুধবার হরতাল ডেকেছে ১৮ দল।
এই হরতাল ‘শক্তভাবে’ পালনে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এই হরতালের সময়সীমা আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান চৌধুরী দুদু।
হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। এদিকে হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
হরতালকে কেন্দ্র করে রাজধানীতে সংঘাতের শুরু হয় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে। নয়া পল্টনে ছাত্রদল একটি মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। তখন সংঘর্ষ বেঁধে যায়।
হরতালের সমর্থনে রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের মিছিল।
দুপুর ১টার দিকে সিটি কলেজের পাশে স্টার কাবাব অ্যান্ড রেস্তোরাঁর সামনে একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়।
বেলা দেড়টার দিকে ধানমণ্ডির সাত মসজিদ রোডে বাংলাদেশ আই হসপিটালের সামনে একটি লেগুনায় আগুন দেয়া হয়। আড়াইটার দিকে ফার্মগেইট এলাকায় আরেকটি লেগুনায় আগুন দেয়া হয়।
বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় ট্রান্সসিলভা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। আগুনে বাসটির প্রায় পুরোটাই পুড়ে যায় বলে জানান রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ।
এর আধা ঘণ্টা পর গাবতলী পুলিশ বক্সের সামনে একটি আট নম্বর বাসে আগুন দেয় হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণী মোড়ে একটি অটোরিকশায় আগুনে পোড়ে। ওই সময় আশিক নামে এক যুবককে আটক করে পুলিশ।
বিকালে মিরপুর সড়কের মেট্রো শপিং মলের সামনে রাখা একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয় বলে শেরে বাংলানগর থানার ওসি আবদুল মোমিন জানিয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালী সেতু ভবনের কাছে কিশোরগঞ্জগামী উজান-ভাটি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
হরতালের আগে গাড়িতে আগুন দেয়ার এই ঘটনা ‘বৈরী পরিবেশ সৃষ্টির জন্য’ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের বলেন, গাড়িতে আগুন যারা দিচ্ছে এবং তাদের যারা মদদ দিচ্ছে সবাইকে গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
গাড়িতে আগুন দেয়ার প্রসঙ্গ ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ রাতে সাংবাদিকদের বলেন, “নতুন নতুন দৃষ্টান্ত সৃষ্টি করাটা কারো জন্য ভালো হবে না।”
গত কয়েকটি হরতালে নয়া পল্টনে দলীয় নেতা-কর্মীদের স্বল্প উপস্থিতির প্রেক্ষাপটে সোমবার দুপুরে এক সভায় ‘শক্ত হরতাল’ করতে বলেন বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
তিনি বলেন, “কাল সবাইকে পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে সর্বাত্মক হরতাল পালন করতে হবে। শক্ত হরতাল করতে হবে।”
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ আনেন।
হরতালের আগে ঢাকা, কুমিল্লা, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ধড়পাকড় করছে বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশের ‘মারমুখী’ আচরণে ক্ষোভ প্রকাশ করে শামসুজ্জামান হরতালের সময়সীমা আরো বাড়ানোর ইঙ্গিত দেন।
“সরকার যদি ৩৬ ঘণ্টার হরতালে আমাদের দাবি অনুধাবন করতে পারে, তাহলে ভালো। নইলে আমরা অতীতে দেখেছি, টানা ৭২ ঘণ্টাও হরতাল হয়েছে।”
যদি হরতাল একদিন বাড়ে, তাহলে বৃহস্পতিবার পর্যন্ত তা গড়াবে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
