‘শক্ত হরতাল করতে হবে’
গত কয়েকটি হরতালে নয়া পল্টনে দলীয় নেতা-কর্মীদের স্বল্প উপস্থিতির প্রেক্ষাপটে এবার ‘শক্ত হরতাল’ করতে বলেছেন বিএনপি নেতা আ স ম হান্নান শাহ।
আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৩৬ ঘণ্টার হরতাল শুরুর আগের দিন সোমবার দুপুরে রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “কাল সবাইকে পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে সর্বাত্মক হরতাল পালন করতে হবে। শক্ত হরতাল করতে হবে।”
বিএনপি নেতার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় অন্তত ছয়টি গাড়িতে আগুন দেয়া হয়, যার জন্য হরতাল সমর্থকদেরই দায়ী করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে গাড়ি পোড়ানোর অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপি বরাবরই বলে আসছে, সরকারি ‘লোকজনই’ গাড়িতে আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও শীর্ষ পর্যায়ের সাত নেতাসহ আটকদের মুক্তি দাবিতে মঙ্গল ও বুধবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
নেতাদের মুক্তি দাবিতে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা সবুজবাগ থানা বিএনপি জাতীয় প্রেসক্লাবে সভা করে, যাতে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
তিনি বলেন, সরকার বিচার বিভাগের কাঁধে ‘বন্দুক’ রেখে দ্বৈতনীতিতে দেশ চালাচ্ছে।
“রোববার যুবলীগ-ছাত্রলীগকর্মীরা রাজধানীর রোকেয়া সরণীতে ৬ ঘণ্টা সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করলেও তাদের বিরুদ্ধে পুলিশ কোনো মামলা করেনি।”
“অথচ আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষ নেতাদের গাড়ি পোড়ানোর কাল্পনিক মামলা দিয়ে কারা অন্তরীণ করে রেখেছে।”
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার ঘটনাটিকে ‘গণপ্রতিরোধ’ অভিহিত করে এতে যুক্তদের ধন্যবাদও জানান হান্নান শাহ।
আটক নেতাদের মুক্তি দাবিতে নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আরেকটি প্রতিবাদ সভা করে।
ওই সভায় বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সরকারকে মামলা-গ্রেপ্তারেরর পথ থেকে সরে আসার আহবান জানান।
এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক নেতাদের মুক্তির দাবিতে আরেকটি মানববন্ধন হয়।
