এ হরতাল বিচার বিভাগের বিরুদ্ধে: সুরঞ্জিত
শীর্ষ নেতারা জামিন না পাওয়ায় হরতাল ডেকে বিএনপি নেতৃত্বাধীন জোট কার্যত বিচার বিভাগের বিরুদ্ধেই কর্মসূচি দিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত সেনগুপ্ত
শীর্ষ নেতাদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার সারা দেশে ৩৬ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
ঢাকার দায়রা জজ আদালত রোববার বিএনপির শীর্ষ সাত নেতার জামিন আবেদন নাকচ করার পরপরই এ হরতাল ডাকা হয়।
বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, কে জামিন পাবে আর কে পাবে না তা আদালতের ব্যাপার। এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
“আশা করি তারা হরতাল তুলে নেবেন। অন্যথায় হরতালের মধ্যে যদি কোনো সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটে কিংবা কেউ মারা যায় তার দায় দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে।”
কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এ আলোচনায় অংশ নিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ধর্মকে রাজনীতির সঙ্গে জড়ানো থেকে জাতিকে উদ্ধার করতে হবে। আর এ দায়িত্ব নিতে হবে তরুণদের।
“যার যার ধর্ম তার তার- এ বিশ্বাস ছড়িয়ে দিতে হবে। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করছে। তারা মানুষ মারছে। এটা হতে দেয়া যায় না। তরুণদের বলি এদের আর বাড়তে দিও না।”
সংবিধান রক্ষায় তরুণদের ভূমিকা নিয়েও কথা বলেন সংসদ উপনেতা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “বন্দুকের নলের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। যারা এটা করেছে তাদের চিহ্ণিত করে বিচার করতে হবে।”
বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতিশ চন্দ্র রায়, মোজাফফর হোসেন পল্টু আলোচনা সভায় বক্তব্য দেন।
