২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতালে বাধা দিলে এর দায়-দায়িত্ব সরকারের’

আওয়ামী লীগকে দেশের গ্রাম-গঞ্জের মানুষ ‘প্রতিরোধ’ করতে শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার বিকালে নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৩৬ ঘন্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল সর্বাত্মকভাবে সফল করতে হবে।

‘শান্তিপূর্ণ’ হরতালে বাধা দিলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরো বলেন, ‘গণআন্দোলনের’ মাধ্যমে নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

সম্প্রতি ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা প্রসঙ্গ টেনে 

এই বিএনপি নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন,৭১ সালে হানাদার বাহিনী যেভাবে হামলা করেছে ফটিকছড়িতেও সেভাবে হামলা হয়েছে।

আমীর খসরু আরো বলেন, “আমাদের বুঝতে হবে এখানে হানাদার বাহিনী কে? ওই দিন ফটিকছড়িতে আওয়ামী লীগ হানাদার বাহিনীর ভূমিকা পালন করেছে আর জনগণ তাদের প্রতিরোধ করেছে। এখন থেকে এই বাহিনী যেখানে যাবে, সেখানেই ফটিকছড়ির মতো অবস্থা হবে।”

এভাবে প্রতিরোধের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলেও তিনি সতর্ক করে দেন।

গত ১১ এপ্রিল দুপুরে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের কাজীরহাটে মসজিদের মাইকে মিথ্যা গুজব ছড়িয়ে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের ওপর হামলা হয়, যাতে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

হামলায় স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের তিন নেতাকর্মী নিহত হন, আহত হন দেড়শতাধিক।

ভুজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা জামায়াতে ইসলামীর আমীর শফিউল্লাহ নুরী হামলার উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর জামায়াতের সহকারী সেক্রেটারী আ জ ম ওবায়দুল্লাহ প্রমুখ।