বিচারকদের বেতন-ভাতা: আদেশ বৃহস্পতিবার
নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধির আদেশ বাস্তবায়নে সরকারের আবেদনের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন রেখেছে আপিল বিভাগ।
শুনানিতে অ্যামিকাস কিউরি হিসাবে বক্তব্য দেন টিএইচ খান, তৌফিক নেওয়াজ, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
এর আগে রোববার ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক ও হাসান আরিফ বক্তব্য দেন।
উচ্চ আদালত জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানোর জন্য কয়েক দফা তাগিদ দেয়ার পর সরকারের পক্ষ থেকে গত মার্চে একটি বেতন কাঠামো আদালতে দাখিল করা হয়।
আপিল বিভাগ ওই কাঠামোতে কিছু সংশোন করে প্রতিবেদন দিতে বললে গত ১৬ এপ্রিল রাষ্ট্রপক্ষে জানানো হয়,প্রজ্ঞাপন জারি করে বেতন বৃদ্ধির বদলে সরকার আইন প্রণয়নের মাধ্যমে বিষয়টি নিধারণ করতে চায়। এ বিষয়েই রবি ও সোমবার অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনে আপিল বিভাগ।
শুনানিতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার এম আমীর উল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, “আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করতে চাই। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এ বিষয়ে একটি আইন করতে চাই। এই সংসদেতো ধরানো সম্ভব হবে না। আগামী সংসদে এ বিষয়ে একটি আইন প্রণয়ন করে আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করব।”
তবে অ্যামিকাস কিউরিদের মধ্যে কামাল হোসেন, ব্যারিস্টার রফিক ও হাসান আরিফ রোববারই সরকারের এ আবেদনের বিরোধিতা করেন।
আর সোমবার বক্তব্য দেয়া তিন অ্যামিকাস কিউরির মধ্যে একজন সরকারের আবেদনের বিরোধিতা করলেও বাকি দুই জন মনে করেন, সংসদ চাইলে আদালতের রায়ের বিষয়ে আইন প্রণয়ন করতে পারে।
টিএইচ খান বলেন, দেশে অনেক কমিশন গঠিত হয়। এ সব কমিশনের সুপারিশ মানার কোনো বাধ্যবাধকতা নেই। তবে মাসদার হোসেন মামলার রায় অনুসারে পে কমিশন বাস্তবায়নে সরকারের বাধ্যবাধকতা রয়েছে।
“মাসদার হোসেন মামলার রায়ে অনেক বিষয় সংবিধানের ১০২ অনুচ্ছেদের এখতিয়ারের বাইরে হয়েছে।”
টিএইচ খান বলেন, মাসদার হোসেন মামলার রায় অনুসারে বিচার বিভাগ পৃথক করার যে প্রজ্ঞাপন হয়েছে তা বেসামরিক কোনো সরকার জারি করেনি। সেটি জারি করেছিল একটি কেয়ারটেকার সরকার।
তিনি বলেন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশে জেলা জজদের বেতন সচিবদের চেয়ে বেশি। অথচ তাদের ‘স্ট্যাটাস’ ডেপুটি সেক্রেটারির সমান, যা খারাপ দেখাতে পারে।
“এরপরও সংসদকে আইন তৈরি করতে বা না করতে কেউ নির্দেশ কেউ দিতে পারে না। তবে আদালতের রায় মানতে সরকার যেহেতু বাধ্য, তাই এ জন্য সরকার যদি আইন প্রণয়ন করে তাহলে বিচারকদের মর্যাদাহানী হবে বলে আমি মনে করি না।”
তৌফিক নেওয়াজ আদালতে বলেন, সুপ্রিম কোর্টের কোনো কোনো আদেশ সংসদে পাঠানো যেতে পারে। সংবিধান প্রদত্ত ক্ষমতায় সংসদ তার পরিবর্তনও করতে পারে।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, মাসদার হোসেন মামলার রায়ে বলা হয়েছে, সরকার দুটি অসম বিষয়কে সমান বিবেচনা করছে। বেসামরিক প্রশাসনিক পদের সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের কোনো তুলনা চলে না।
“এই রায়েই সব বলা আছে। সর্বোচ্চ আদালত এই রায় দেয়ার পর তা বাস্তবায়নের জন্য আবার আইন করতে সংসদে পাঠানোর প্রয়োজন নেই।”
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায় দেয়।
মাসদার হোসেন মামলা নামে পরিচিত ওই মামলার রায়ে বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করতে বলা হয়।
বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনাও দেয় সর্বোচ্চ আদালত।
রায়ে বলা হয়, জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে, ততদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।
ওই রায়ের আলোকে গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০০৮ সালের ৩ এপ্রিল নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করে, যা ওই মাসেই সরকারের কাছে পাঠানো হয়।
সরকার এই সুপারিশ বাস্তবায়ন না করায় ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। তবে পরে সুপারিশ বাস্তবায়নের জন্য অনেকবার সময়ও দেয় আদালত।
গত নভেম্বরে রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সরকার আরো ২০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে শতকরা আরো ৩০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর সরকার একটি প্রস্তাব দেয়, যার কিছুটা পরিবর্তন করে বাস্তবায়ন করতে বলে আদালত।
কিন্তু বার বার সময় নিয়েও নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা বাড়ানোর আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত পুনরায় বিষয়টি বিবেচনায় নেয়।
