পূবালী ব্যাংকের এজিএমে আদালতের নিষেধাজ্ঞা
পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
রোববার ব্যাংকটির সাবেক একজন পরিচালকের করা এক আবেদনের শুনানি শেষে কোম্পানি আদালতের জন্য নির্ধারিত বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
পূবালী ব্যাংকের শেয়ার হোল্ডার ও সাবেক পরিচালক শফি আহমেদ চৌধুরী কোম্পানি আইনের ৮৫/৩ ধারা অনুসারে ওই আবেদন করেন।
আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক-সিডিএম সেন্টারে ব্যাংকটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হওয়ার কথা রয়েছে।
মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের পর থেকে এপর্যন্ত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো নির্বাচন হয়নি। কোনো বার্ষিক সাধারণ সভাতেও বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়নি।
কোম্পানি আইনের সেকশন ৯১ অনুসারে ও পূবালী ব্যাংক সংজ্ঞাবিধি ৯১ ধারা অনুসারে প্রত্যেক বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালক নির্বাচন ও পুরাতন পরিচালকদের অবসরের এজেন্ডা থাকা বাধ্যতামূলক বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আইন অনুযায়ী পরিচালকদের মেয়াদকাল ৩ বছর এবং প্রতি বছর এক তৃতীয়াংশ পরিচালকের অবসর ও নতুন পরিচালক নির্বাচিত হওয়ার বিধি রয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তা না করে আইন লঙ্ঘন করেছে।
পুবালী ব্যাংকের পক্ষে ব্যারিস্টার আখতার ইমাম শুনানি করেন।
