২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের রিমান্ড নিয়ে রিট খারিজ

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ গত বুধবার এই রিট আবেদন করার পর বৃহস্পতিবার প্রাথমিক শুনানি হয় ।

আবেদনকারীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, গত ১১ এপ্রিল গ্রেপ্তারের পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে হাকিম আদালত। ১০ বছর আগে একটি মামলায় হাইকোর্ট ঠিক করে দিয়েছিল, কীভাবে রিমান্ডে নিতে হবে। কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের ওই নির্দেশনা মানা হয়নি।

তিনি বলেন, “সংবাদ মাধ্যম থেকে এও জেনেছি যে রিমান্ডে নিয়ে মাহমুদুর রহমানের ওপর নির্যাতন করা হয়েছে।”

আসামির আইনজীবী বলেন, “সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় নিম্ন আদালতের বিচারকরা মানতে বাধ্য। এক্ষেত্রে তারা তা মানছেন না।”

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্ট বিভাগে রিমান্ড নিয়ে যে আদেশ হয়েছিল, তা এখনও আপিল বিভাগে বিচারাধীন। ওই আদেশ হয়েছিল, ৫৪ ধারায় আটকাদেশ নিয়ে। আর মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়া হয়েছে সুনির্দিষ্ট মামলায়।

তিন মামলায় আটক মাহমুদুরকে রিমান্ডে পাঠানোর আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছিল ফিরোজা মাহমুদের আবেদনে।

এই রিটে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, ঢাকার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিবির এক উপ-পরিদর্শককে বিবাদী করা হয়েছিল।

রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রিমান্ডের কার্যক্রম স্থগিত করার অন্তর্বর্তীকালীন আদেশও চেয়েছিলেন মাহমুদুরের স্ত্রী।