২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে হেফাজত’

হেফাজতে ইসলাম মুসলমানদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের সুন্নি আলেমরা।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার বিকালে নগরীর লালদীঘি ময়দানে সুন্নিদের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা’আত আয়োজিত সুন্নি মহাসমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, তারা (হেফাজত) ধর্মপ্রাণ মানুষের অনুভূতি পুঁজি করে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে।

মহাসমাবেশ থেকে ইসলাম ও নবীর অবমাননাকারী নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জঙ্গিবাদের ঠাঁই এদেশে হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এ ছাড়া বারদফা দাবি ঘোষণা করে আগামী ২৫ মে ঢাকায় সুন্নি মহাসমাবেশ করার ঘোষণাও এসেছে।

সমাবেশের প্রধান বক্তা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরি হেফাজতে ও জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বলেন, “ইসলামের নামে মানুষের ওপর হামলা ও হত্যার কোন বিধান কোথাও নেই। যারা হাতে লাঠি নিয়ে মসজিদে আঘাত করে তাদের প্রতিহত করতে সুন্নিরা প্রস্তুত আছে।’’

আল্লামা নুরুল ইসলাম হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সরকার ও বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “বাতিলপন্থীদের সাথে থেকে ক্ষমতায় যাওয়া যাবে না। সুন্নিরা যাকে চাইবে তারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে।”

তিনি ইসলাম, কোরআন ও নবী করিমের প্রতি অবমাননাকারী নাস্তিক ব্লাগারদেরও সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মহাসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন হেফাজতে ইসলামকে উদ্দেশ্য করে বলেন, জঙ্গিবাদী হেফাজতিরা মুসলমানদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা-জ্বালাও পোড়াও করছে।

তিনি বলেন, হরতালের নামে মানুষ হত্যা, জ্বালাও পোড়াও ইসলামের কোথাও নেই। প্রকৃত মুসলমানরা এর মধ্য দিয়ে দাবি আদায় করতে রাজি নয়।

তিনি মিয়ানমারসহ সারাবিশ্বে মুসলমানদের ওপর হামলার নিন্দা জানাতে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

আহলে সুন্নাতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. আবদুস সামাদ এদেশে নাস্তিক্য ও জঙ্গিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে বলেন, হেফাজতিদের কর্মসূচিতে সব বিরোধীদল অংশ নিয়েছে। আওয়ামী লীগের মধ্যে যারা ওয়াহাবি আছে তারা অংশ নিয়ে এটিকে বিশাল কর্মসূচিতে রূপ দিয়েছে। এর মধ্য দিয়ে জঙ্গিবাদকে উস্কে দেয়া হচ্ছে।

শাহজাদা সাইফুদ্দিন আহমেদ আল হাছানী মাইজভাণ্ডারি বলেন, ইসলাম মানবতাকে সবার ওপরে স্থান দিয়েছে। যারা প্রকৃত ধার্মিক তারা কখনো দেশের অনিষ্ট চাইতে পারে না।

হেফাজতের আলেমদের উদ্দেশ্য করে তিনি বলেন, “একশ্রেণির মানুষ আছেন যাদের মুখ থেকে জালেমের কথা বের হয়ে যায়। তারা কখনো প্রকৃত ইসলামের অনুসারি হতে পারে না।”

সরকার ও বিরোধীদল উভয়ের কাছে সংযত আচরণ প্রত্যাশা করে তিনি নবীর প্রতি অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজীবুল বশর মাইজভাণ্ডারি, আল্লামা আবুল কাশেম নূরী, মাওলানা আবুল কাশেম ফজলুল হক, মুফতি ফজলুল হক আল কাদেরী, অধ্যক্ষ আবুল ফারাহ মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

নাস্তিক ব্লাগারসহ কোরআন ইসলাম, নবীর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনুষ্ঠিত সুন্নী মহাসমাবেশ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দেয়া বার দাবির মধ্যে উল্লেখযোগ্য ফেইসবুক, ব্লগসহ বিভিন্ন মাধ্যমে আল্লাহ নবী করিমসহ ইসলামের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জাতীয় সংসদে বিদ্যমান আইন সংস্কার এবং বিচার নিশ্চিত করা, অন্যান্য দোষী ব্লগারদের গ্রেপ্তার করার দাবি।

পুরনো খবর:

নাস্তিক হেফাজত সবারই শাস্তি চায় আহলে সুন্নাত