সরকারকে ‘শক্ত’ হওয়ার পরামর্শ
ফটিকছড়িসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা রোধে সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সরকারকে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঈনুদ্দীন খান বাদল।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে বলছিলেন জাসদ এর কার্যকরী সভাপতি ও সাংসদ বাদল।
এসব সহিংস ঘটনায় সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে বাদল বলেন, “সরকার ব্যর্থ হয়েছে এমনটি বলবো না। তবে এক্ষেত্রে সরকার উদাসীনতা দেখিয়েছে।”
কীভাবে সরকার উদাসীনতা দেখিয়েছে এর ব্যাখ্যা করে তিনি বলেন, “এসব ঘটনায় ক্ষমতার অতিরিক্ত ব্যবহার যেমন খারাপ, তেমন আপনার যতটুকু শক্তি আছে তার চেয়ে কম দেখানোটাও খারাপ।”
“যেখানে ১০০ গুলি মারা দরকার সেখানে মারলেন একটা, আবার যেখানে ১০০টাও মারার দরকার নাই সেখানে মারলেন ৫০০- এটা তো হবে না।
অন্যদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সরকারকে আরো ‘শক্ত’ হওয়ার পরামর্শ দেন তিনি।
মঈনুদ্দীন খান বাদল বলেন, “গণতন্ত্রের নামে রেলের ফিসপ্লেট তুলে ফেলা হবে, গাড়িতে অগ্নিসংযোগ করা হবে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন, তাহলে হবে না।”
জবাবে সংলাপের আরেক প্যানেল আলোচক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এটাকে গণপ্রতিরোধ বলা যাবে না।”
নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল এখন পর্যন্ত ঐক্যমতে পৌছাঁতে না পারাটাই এর কারণ বলে অভিমত দেন তিনি। মঈনুদ্দীন খান বাদল তার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, এটা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়। এটা সাম্প্রদায়িক দাঙ্গার সঙ্গে সম্পর্কযুক্ত।
আর প্রসঙ্গটি এড়িয়ে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
তিনি বলেন, “হরতালে ফিসপ্লেট তোলা, গাড়িতে কিংবা সরকারি কর্মকর্তাদের গাযে আগুন দেয়া আমাদের দুই দলের কাছেই নতুন কিছু না।”
বিএনপির অনেক নেতাই ফটিকছড়ির মতো সারাদেশে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে- প্রসঙ্গটি স্মরণ করিয়ে দিলে শমসের মবিন বলেন, “যে বলেছে এই প্রশ্ন তাকে করতে হবে।”
এ রকম ‘লাগামহীন’ বক্তব্য দেয়া থেকে সব দলের সবাইকেই বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপের আরেক প্যানেল আলোচক মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক ফটিকছড়ির প্রসঙ্গে বলেন, “এটাকে গণপ্রতিরোধ বলা হলে ভুল বলা হবে। আবার এটাতে যে একেবারেই জনসমর্থন নেই এটাও বলা যাবে না।”
