২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ হবে: খসরু

সরকার নানা ধরনের ‘অন্যায়’ করছে দাবি করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিবাদে কাজ না হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার দুপুরে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নসিমন ভবন চত্বরে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিতে সমাবেশে তিনি একথা বলেন।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, “সরকার মনে করছে আমাদের নেতাদের জেলে পাঠিয়ে বিএনপিকে নেতাশূন্য করে আন্দোলন বন্ধ করা যাবে। কিন্তু জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না।”

“সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ করা হবে। জনগণ এবার প্রতিরোধে নেমেছে।”

ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। সরকার দলীয় সন্ত্রাসীদের প্রতিরোধ করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।”

আটক বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান অসুস্থ হয়ে পড়েছেন দাবি করে তার চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান খসরু।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের সব নেতার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।

নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, বিএনপির নেতা মাহবুবুর রহমান শামীম, আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন।

সামবেশের আগে নেতাদের মুক্তি দাবিতে নগরীতে মিছিল করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।