২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী পালিত

ফরিদপুরের মধুখালী উপজেলায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার কামারখালী ইউনিয়নের আড়পাড়ায় নিজ বাড়িতে দেশের এই কৃতি সন্তানের আত্মত্যাগকে স্মরণ করা হয়।

শহীদমাতা মকিদুননেছা সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

এ সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শফিকসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ওখানে উপস্থিত ছিলেন।

দুপুরে সেখানে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শহীদমাতা মকিদুননেছার আরেক ছেলে (পালকপুত্র) আইয়ুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপসহকারী পরিচালক (ডিএডি) সোহরাব হোসেন, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর, খুরশীদ আলম, এ কে এম ইলিয়াস সিদ্দিকী, মো. লুৎফর রহমান, রাকিব হোসেন চৌধুরী, শাহাদাতহোসেন, এহতেশাম হায়দার, জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা ফরিদপুর স্টেডিয়ামকে এই বীরশ্রেষ্ঠের নামে করা, কামারখালীকে রউফনগর উপজেলা ঘোষণা এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতিজাদুঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবি জানান।

ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল হানাদার পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাটের চিংড়িখাল এলাকায় শহীদ হন।