জামায়াত-বিএনপির পক্ষে নেমেছে হেফাজত: ইনু
জামায়াত ও বিএনপির পক্ষে সরকারের বিরুদ্ধে উস্কানি দিতে হেফাজতে ইসলাম মাঠে নেমেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে কুষ্টিয়ায় তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে কোনো মুসলমানকে সার্টিফিকেট দেয়ার এখতিয়ার কাউকে দেয়া হয়নি।
জাসদ সভাপতি বলেন, হেফাজতে ইসলাম বিএনপি ও জামায়াতে ইসলামীর অপরাধীদের রক্ষা করার জন্য এবং কার্যত ইসলামের ব্যানারে সরকারের বিরুদ্ধে রাজনীতিতে নেমেছে।
রাজনীতিকে যেভাবে মোকাবেলা করতে হয় সরকার সেভাবে রাজনীতিকে মোকাবেলা করবে, বলেন তিনি।
মুক্তিযোদ্ধা মুহাম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন প্রমুখ বক্তব্য দেন।
