বাংলাদেশে গুম, অপহরণ চলছেই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্য ‘চলতে থাকা’ এবং কারখানায় কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ার মতো বিষয়গুলোকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন।
এর বাংলাদেশ অধ্যায়ে বলা হয়, দুর্বল বিচারিক ব্যবস্থা ও আটকাদেশ দীর্ঘায়িত হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কখনো কখনো জনসাধারণের গোপনীয়তা, মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতাও ক্ষুণ্ন হয়েছে কর্তৃপক্ষের বাধার কারণে।
গণমাধ্যমের খবর ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ২০১২ সালে অন্তত ৭০ জন বিচার বহির্ভূতভাবে নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০ জন নিহত হয়েছেন র্যাবের অভিযানে।
রাজনৈতিক সহিংসতা ও প্রশাসনের পরোক্ষ দুর্নীতিকেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হিসাবে দেখানো হয়েছে এ প্রতিবেদনে।
গত বছর ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, কারখানাগুলোতে কর্মীদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা এখনো হয়নি। শ্রমিকদের সংগঠন করার অধিকারও বাধার মুখে পড়ছে।
কিছু কিছু বেসরকারি সংস্থাকেও আইনি বিধিনিষেধের মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে।
মানবাধিকার সংস্থা অধিকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৪ জন গুম হয়েছেন, যাদের ১০ জন নিখোঁজ হওয়ার পিছনে র্যাবের সম্পৃক্ততা রয়েছে। আর আইন ও সালিশ কেন্দ্র গত বছর ৫৬ জন নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে।
একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে অন্তত ৭২ জন নির্যাতনের শিকার হয়েছেন, যাদের সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশের কারাগারের অবস্থাও স্বাস্থ্যসম্মত নয়। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে গত বছর। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এভাবে অন্তত আট হাজার ৬৭৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে প্রতিবেদনে বলা হয়, গণমাধ্যম বিভিন্ন বিষয়ে সোচ্চার হলেও সরকারের সমালোচনার কারণে কোনো কোনো প্রতিষ্ঠানকে চাপের মুখে পড়তে হয়।
রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও বেসামরিক লোকজনের হাতে সাংবাদিকদের শারীরিক নির্যাতন ও হয়রানির শিকার হতে হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশে চার জন সাংবাদিক নিহত ও অন্তত ১১৮ জন আহত হয়েছেন।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার না হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
অধিকারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বছর ৮০৫ জন নারী ও শিশু ধর্ষিত হয়েছেন। এদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। আর আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়, এক হাজার আটটি ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
একই সময়ে যৌতুকের জন্য আটশ’ ২২ জন নারীর ওপর নির্যাতন হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনে মৃত্যু হয়েছে ২৭৩ জনের।
প্রতিবেদনে বলা হয়, প্রতিবন্ধীদের জন্য সমান অধিকারের আইন থাকলেও তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না।
গত বছরের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ বসতিতে হামলার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ হয়নি। এছাড়া ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরাও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে।
