শ্রীকাইলে খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে কূপ খননের কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হেলিকপ্টারে করে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শ্রীকাইল গ্যাসক্ষেত্র এলাকায় পৌঁছান। ১০টার দিকে কূপ খনন ও দেড় কিলোমিটার আন্তঃসংযোগ পাইপলাইনে গ্যাস সঞ্চালনের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্যাস আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করা হবে।
“দেশের ক্ষতি হয় এমন কিছু আমি করতে পারি না, কারণ আমি জাতির জনকের মেয়ে।”
স্থানীয়রা এ সময় মুরাদনগরের বাঙ্গরায় একটি থানা প্রতিষ্ঠার দাবি জানালে তিনি তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বিবেচনা করে দেখতে বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহীসহ স্থানীয় সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
গ্যাসক্ষেত্রের অনুষ্ঠন শেষে প্রধানমন্ত্রী কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট ভবন ও কুমিল্লা শিল্পকলা একাডেমী ভবনের উদ্বোধন করেন।
এছাড়া জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসব প্রকল্পের মধ্যে কুমিল্লা শহরের ধর্মপুরে ১০০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন চারটি ও চৌদ্দগ্রামে ১টি খাদ্য গুদাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, তিতাস উপজেলার ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুতকেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ব্রাহ্মণপাড়া উপজেলা হাসপাতাল ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম তোরণ, ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা-কুমিল্লা (উঃ) ২৩০ কেভি সঞ্চালন লাইন, চান্দিনা-ইলিয়টগঞ্জ-কৃষ্ণপুর সড়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলের নির্মাণ কাজ রয়েছে।
বিকালে টাউন হল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার করা রয়েছে প্রধানমন্ত্রীর।
