২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার মধ্যে হরতাল না দিতে হাসিনার আহ্বান

এইচএসসি পরীক্ষা ও বাংলাদেশ গেমস চলার সময় আন্দোলনের নামে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 03:51 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আন্দোলনের নামে আর হরতাল দিবেন না। পরীক্ষার সময় হরতাল দিয়ে ছেলে-মেয়েদের ভবিষ্যত জীবন নষ্ট করবেন না।”

হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে।

বাংলাদেশ গেমস চলার সময়ও হরতাল না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শনিবার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার।

খালেদা জিয়া দেশে দুঃসময় টেনে আনছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আন্দোলনের নামে কি করে যাচ্ছেন? বাসে আগুন, মানুষ হত্যা, পুলিশ বাহিনীর উপর হামলা, দিনের পর দিন হরতাল দিচ্ছেন। স্বার্থটা কী? কী কারণে হরতাল? যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে তাই?”

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদা।

‘মানুষ হত্যা করাই বিএনপির চরিত্র’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "ফটিকছড়িতে হরতালবিরোধী শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা করে ৪-৫জনকে হত্যা করেছে। অনেককে গুম করেছে। এখনো অনেকে নিখোঁজ। তারা আরো মানুষ হত্যার হুমকি দিচ্ছে। সবাই জানে তাদের চরিত্রটাই মানুষ হত্যার।”

“এখন পরীক্ষার সময় হরতাল দিয়ে বিএনপি দেশের লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে।”

বিএনপির নীতিনির্ধারকদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, "কার স্বার্থে এসব হরতাল। ওই যুদ্ধাপরাধী-যারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, মা-বোনদের ইজ্জত নিয়েছে; তাদের বাঁচানোই বিএনপির একমাত্র লক্ষ্য।"

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা।