মাহমুদুরের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ, আদেশ রোববার
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারাবন্দি মাহমুদুর রহমানের রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিটের উপর আদেশ দেয়া হবে রোববার।
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে বুধবার ঢাকার হাকিম আদালতে নেয়া হয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। এ সময় বাদী পক্ষে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম প্রমুখ।
সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
শুনানিতে এজে মোহাম্মদ আলী বলেন, গত ১১ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালত। ১০ বছর আগে রাষ্ট্র বনাম ব্লাস্ট মামলায় হাইকোর্ট নীতি ঠিক করে দিয়েছিল, কীভাবে রিমান্ডে নিতে হবে। সেখানে বলা হয়েছে কি করতে হবে। হাইকোর্টের ওই নির্দেশনা এখনও বহাল রয়েছে। কিন্তু মাহমুদুর রহমানের রিমান্ড আদেশের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এ নির্দেশনা মানা হয়নি।
তিনি বলেন, সংবাদ মাধ্যম থেকে এও জেনেছি যে রিমান্ডে নিয়ে মাহমুদুর রহমানের ওপর নির্যাতন করা হয়েছে।
জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘আমরাতো সংবাদপত্রে দেখেছি তিনি তিনদিন ধরে অনশনে আছেন।’
জবাবে মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের রিট আবেদন সে বিষয়ে নয়। এটা খুবই সাধারণ বিষয়ের। সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় নিম্ন আদালতের বিচারকরা মানতে বাধ্য। এক্ষেত্রে তারা তা মানছেন না। সংবিধানে মানুষের সাধারণ মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সে প্রশ্ন নিয়ে আমরা এখানে এসেছি। ম্যাজিস্ট্রেট এসে বলুন তিনি কোন আইনে রিমান্ড আদেশ দিয়েছেন।’
তিনি অারো বলেন, মাহমুদুর রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তিনি এখানে আমরা কোনো অন্তবর্তীকালীন আদেশ চাইনি। আমরা একটি রুল চেয়েছি। আদালত রুল জারি করতে পারে।
জবাবে মাহবুবে আলম বলেন, মাহমুদুর রহমানে উপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি। রিমান্ডের পর সুনির্দিষ্ট মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগে রিমান্ড নিয়ে যে রায় হয়, তা এখনও আপিল বিভাগে বিচারাধীন। এ রায় ছিল, ৫৪ ধারায় আটকাদেশ দেওয়া নিয়ে। মাহমুদুর রহমানকে ৫৪ ধারায় আটক করে রিমান্ডে নেওয়া হয়নি। তাকে সুনির্দিষ্ট মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘মাহমুদুর রহমানের স্ত্রী যে রিট দায়ের করেছেন তার রিট করার এখতিয়ার নেই।’
মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ গত বুধবার এই রিট আবেদনটি দায়ের করেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, ঢাকার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডিবির এক উপ-পরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিটে যে তিন মামলায় আটক মাহমুদুরকে রিমান্ডে নেয়া হয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুলও চাওয়া হয়।
পাশাপাশি তাকে অবৈধভাবে আটক করা হয়নি- তা নিশ্চিত করতে তাকে হাই কোর্টে কেন হাজির করা হবে না মর্মেও রুল চাওয়া হয়। রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রিমান্ডের কার্যক্রম স্থগিত করার অন্তর্বর্তীকালীন আর্জিও রয়েছে এতে।
