২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার পর সড়ক অবরোধ গাইবান্ধা-গোপালগঞ্জে

দুর্ঘটনায় মৃত্যুর পর গাইবান্ধা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করেছে জনতা।

গোপালগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধা/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বৃহস্পতিবার এক স্কুলছাত্র নিহত হওয়ার পর অবরোধে তিন ঘণ্টা গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শান্তিপুরে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর জনতা অবরোধের পাশাপাশি তিনটি ট্রাকও ভাংচুর করে।

পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম জানান, ঢোলভাঙ্গা বালিকা বিদ্যালয়ের সামনে একটি বাসের চাপায় নিহত হন ষষ্ঠ শ্রেণীর ছাত্র নাঈম মিয়া (১৩)। নাঈম পলাশবাড়ি উপজেলার ঝালিঙ্গি গ্রামের রুহুল আমিনের ছেলে।

ঢোলভাঙ্গা বালক বিদ্যালয়ের ছাত্র নাঈম রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। তার সহপাঠি ও সঙ্গী সুজনও গুরুতর আহত হয়।

ওসি জানান, নাঈম নিহত হওয়ার পর এলাকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে।

বাসটি আটকের পর পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের আশ্বাস পুলিশ দিলে জনতা অবরোধ তুলে নেয়।

মুকসুদপুর উপজেলার শান্তিপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সকাল ১০টার দিকে বাস থেকে নামার সময় চাকায় পিষ্ট হয়ে নিহত হন বলে জানান সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আবুল বাশার।

নিহতের নাম মিরাজ সিকদার (৩৫)। তিনি মুকসুদপুর উপজেলার চকমবাড়ি নয়াকান্দি গ্রামের গফুর সিকদারের ছেলে।

পুলিশ কর্মকর্তা বাশার জানান, মিরাজের মৃত্যুর পর স্থানীরা তিনটি ট্রাক ভাংচুর করে, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করে তারা।

শান্তিপুরে সড়কে গতিরোধক নির্মাণের আশ্বাস দেয়ার পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।