রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
রাজশাহীর পবা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হওয়ায় বিক্ষুদ্ধ জনতা দুই ঘণ্টা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
নিহত আছিয়া আক্তার স্মৃতি (১২) মুরালিপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
পবা থানার ওসি আনোয়ার হোসেন জানান, মুরালিপুর এলাকার আকতারুজ্জামান বুলেটের মেয়ে স্মৃতি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় স্মৃতি।
পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে জানান ওসি।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
