গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অ্যাপ স্টোর
গ্রামীণফোন তার গ্রাহকদের বিভিন্ন ধরণের মোবাইল অ্যাপ্লিকেশন সুবিধা দিতে সিম্ফনি মোবাইলের অঙ্গপ্রতিষ্ঠান মোম্যাজিক-এর সাথে চুক্তি সই করেছে।
সম্প্রতি গ্রামীণফোনের কর্পোরেট হেডকোয়ার্টার জিপি হাউসে এই চুক্তি স্বাক্ষর হয়।
গ্রামীণফোনের অ্যাক্টিং হেড অব প্রোডাক্ট হাসিবুল হক ও হেড অফ মার্কেটিং রাজীব ভট্টাচার্য, সিম্ফনি মোবাইলের ডিরেক্টর রেজওয়ানুল হক এবং মোম্যাজিক বাংলাদেশের ডিরেক্টর অরুণ গুপ্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বুধবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই চুক্তির ফলে গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য ভিন্নধর্মী সেবা সংযোগ করতে যাচ্ছে।
মোম্যাজিক বাংলাদেশ লিমিটেড শিগগিরই 'এস অ্যাপস স্টোর' নামে একটি অ্যাপ্লিকেশন স্টোর উদ্বোধন করতে যাচ্ছে। এই অ্যাপটি যে কোনো মডেলের সিম্ফনি স্মার্টফোন ও মাল্টিমিডিয়া ফোনগুলোর হোম স্ক্রিনে থাকবে।
সিম্ফনি হ্যান্ডসেট ব্যাবহারকারী গ্রামীণফোনের সব গ্রাহক করে এই অ্যাপ্লিকেশন স্টোর থেকে বিনামূল্যে কিংবা অর্থের বিনিময়ে নানাধরণের মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে। প্রাথমিকভাবে শুধু গ্রামীণফোনের গ্রাহকদের জন্য এই সেবাটি প্রযোজ্য থাকবে।
