স্ত্রী হত্যা: হাই কোর্টেও মৃত্যুদণ্ড বহাল
বাবার বাড়ি থেকে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে ছিলেন মাহমুদা খাতুন।
দণ্ডিত চাঁন মিয়া পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটকিবাড়ি তাওয়াখাল গ্রামের বাসিন্দা। তার স্ত্রী মনোয়ারা বেগম একই উপজেলার বটেশ্বরী আমবাড়ির হোসেন আলীর মেয়ে।
আইনজীবী আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৬ সালের ১৫ মার্চ সন্ধ্যার পর মনোয়ারা বাবার বাড়ি থেকে চান মিয়ার সঙ্গে শ্বশুর বাড়ি রওনা হন। পথে করতোয়া নদীর পাড়ে বালির চরে নিয়ে চান মিয়া তার স্ত্রীকে হত্যা করে বালির ভেতরে পুঁতে রেখে পালিয়ে যায়।
“কয়েকদিন পর মনোয়ারার শ্বশুরের সঙ্গে তার ভাইয়ের দেখা হলে তিনি ছেলে ও বৌয়ের খবর জানতে চান। তখন মনোয়ারার ভাই বলেন, ‘তারা তো আপনাদের বাড়ি চলে গেছে’। এরপর উভয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হয়।”
অনেক খোঁজাখুজির পর ২৩ মার্চ হোসেন আলী তার মেয়ের লাশ পাওয়ার পর তা সনাক্ত করেন। ওই দিনই তিনি বোদা থানায় একটি মামলা করেন।
ঘটনায় ১১ বছর পর ২০০৭ সালের ০২ অক্টোবর পঞ্চগড় অতিরিক্ত দায়রা জজ অমূল্য কুমার সরকার পলাতক চান মিয়াকে মৃত্যুদণ্ড দেন।
এরপর মৃত্যুদণ্ডাদেশের অনুমতির জন্য বিষয়টি উচ্চ আদালতে আসে। তবে আসামি বরাবর পলাতক থাকায় জেল আপিলের সুযোগ পাননি।
