২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

মাগুরায় একটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সদর উপজেলার ভাবনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুসাইনের বিরুদ্ধে এ অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছে স্কুলের শিক্ষার্থীরা।

এছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অশালীন আচরণের অভিযোগ তুলেছেন অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

বুধবার ওই স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের দাবি অাদায়ে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন করছে। প্রধান শিক্ষকের মারধরে আহত অষ্টম শ্রেণীর ছাত্র সোহানকে নিয়েও তারা মিছিল করে।

স্কুলের শিক্ষার্থী লিমা, লিজা, সুমন, শামিম, রাসেল জানায়, অষ্টম শ্রেণীতে ক্লাস চলাকালে সোহান প্রথম সারির বেঞ্চ থেকে উঠে শেষ বেঞ্চে গিয়ে বসলে প্রধান শিক্ষক নাজমুল হুসাইন ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেন। এতে সোহানের কপালে ও হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে মারত্মক জখম হয় এবং সে অজ্ঞান হয়ে যায়।

এ অবস্থায় সহপাঠীরা সোহানকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে চাইলেও প্রধান শিক্ষক তাদের বাধা দেন। এ ঘটনায় ছাত্র-ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে থাকে।

খবর পেয়ে অভিভাবকরা এসে সোহানকে নিয়ে যায় ও তার চিকিৎসার ব্যবস্থা করে।

এর জের ধরে বুধবার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নেয় এবং প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে।

এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রধান শিক্ষক নাজমুল হুসাইন সামান্য অজুহাতে ছাত্র-ছাত্রীদের বেদম মারধর করেন। এমনকি তিনি ছাত্রীদের জামা তুলে পিঠে বেত্রাঘাত করাসহ অশালীন আচরণ করেন।

এছাড়া তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অবিযোগ আনেন।

এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।