কক্সবাজারে রাখাইনদের বর্ষবরণ
কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের সদস্যরা জলের ছোঁয়ায় স্নিগ্ধ হলেন। একে অপরকে পানিতে ভিজিয়ে পুরনো বছরের সব গ্লানি ধুয়ে-মুছে বরণ করলেন নতুন বছর ১৩৭৫ কে।
বুধবার ছিল রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি উৎসবের প্রথম দিন।
বিকাল ৩ টায় শহরের বৌদ্ধ কিয়াং সংলগ্ন স্থাপিত মঞ্চে আনুষ্ঠানিকভাবে তিনদিনের পানি খেলার উদ্বোধন করেন কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত এমপি অধ্যাপিকা এথিন রাখাইন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার মো. আজাদ মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের নেতা ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং।
কক্সবাজারের রাখাইনদের তিনদিনের জলকেলি উৎসবকে ঘিরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে কক্সবাজার শহরসহ জেলার রাখাইন পল্লীগুলোতে। রাখাইনদের পাশাপশি অন্য ধর্মালম্বী মানুষও এই উৎসবে যোগ দেয়।
১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জলকেলি উৎসবের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
শুরুতেই জলের ছোঁয়ায় মাতোয়ারা হলো কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষ্যে রাখাইন পল্লীতে চলছে নানা অনুষ্ঠান।
সাধারণ লোকজনের কাছে পানি খেলা বা জলকেলি বলে পরিচিত এই উৎসব। কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে তৈরী ১০ টি প্যান্ডেলে চলছে এই জলকেলি।
এছাড়া জেলার টেকনাফ, মহেশখালী, উখিয়াসহ অন্যান্য উপজেলায় এই উৎসব শুরু হয়েছে। বুধবার বিকাল ৩ টা থেকে কক্সবাজার শহরের প্যান্ডেলকে কেন্দ্র করে রাখাইনদের মেতে উঠতে দেখা যায়।
এলাকা ভিত্তিক রাখাইন নারী-পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোষাক পরে নেচে-গেয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে। এসব প্যান্ডেলে পানির পাত্র হাতে সারিবদ্ধ ছিল রাখাইন তরুণীরা। শোভাযাত্রা সহকারে প্যান্ডেলে আসা তরুণ তার পছন্দের তরুণীকে লক্ষ্য করে পানি ছিটিয়ে প্রথমে আমন্ত্রণ জানায়। উত্তরে তরুণীও তাকে পানিতে পানিতে মাতিয়ে রাখে। তরুণ-তরুণীদের প্যান্ডেলকেন্দ্রিক এই পানি নিক্ষেপে বয়স্করাও মেতে উঠেন আনন্দে। রাখাইন শিশু-কিশোরদেরও প্যান্ডেলের আশপাশে পানি নিক্ষেপ করতে দেখা গেছে। শোভাযাত্রা এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরেছে দিনভর।
রাখাইন যুবক উং চে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংগ্রেং পোওয়ের ৩ দিনের সমাপনী উৎসবকে তাদের ভাষায় বলা হয় ‘মাহা সাংগ্রেং পোওয়ে’। সকালে এলাকা ভিত্তিক শোভাযাত্রা বৌদ্ধ কিয়াং এ যায়। এক ঘন্টা ধরে বাদক বিশেষ ঘন্টা বাজিয়ে কিয়াংসহ প্যান্ডেল পরিদর্শনের নিদের্শনা দেন। কিয়াং থেকে শোভাযাত্রাটি প্যান্ডেলে ঘুরে বেড়ায় আর চলে জলকেলি।
